পীরগঞ্জে নদের ভাঙনে বিলীন হচ্ছে শালবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনবিট কার্যালয়–সংলগ্ন থুমনিয়া শালবন টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনবিট কার্যালয়–সংলগ্ন থুমনিয়া শালবন টাঙ্গন নদের ভাঙনে বিলীন হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদের ভাঙনে থুমনিয়া সংরক্ষিত শালবন বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নদের পানিপ্রবাহ কয়েক বছর ধরেই মূল শালবনে আঘাত হানছে। গত ১৬-১৭ বছরে শালবনের উত্তর-পশ্চিমে ভবানীপুর অংশে প্রায় ১ হাজার ২০০ ফুট এলাকা নদের গর্ভে চলে গেছে।
এবারের শ্রাবণের শুরুতেই নদের পানি বেড়ে যাওয়ায় শালবনের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে লম্বালম্বিভাবে অন্তত ৮-১০ ফুট জায়গা নদের বুকে চলে গেছে। গত কয়েক দিনে পাঁচটি মাঝারি আকারের শালগাছ নদের পানিতে উপড়ে গেছে। ভাঙনের এমনতর ধারা অব্যাহত থাকলে শালবনটির আরও ব্যাপক জায়গা টাঙ্গন নদে বিলীন হয়ে যাবে বলে বন বিভাগের কর্মকর্তা ও এলাকার মানুষের আশঙ্কা।
পীরগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকরামুল হক বলেন, ১৭-১৮ বছর আগে টাঙ্গন নদ শালবাগানের অনেক দূরে ছিল। বর্ষাকালের ভাঙনে নদটা বাগানের ভেতরে চলে এসেছে। ভাঙনরোধে ব্যবস্থা না নিলে 

অচিরেই এই বনের মানচিত্র পাল্টে যাবে।

পীরগঞ্জ ও বোঁচাগঞ্জ উপজেলার বাজারদেহা, ভবানীপুর, থুমনিয়া, ভুরভূষিকালী, কংশরা, এক্তিয়ারপুর, ফুটকিবাড়ি ও পারভবানীপুর গ্রামের অন্তত ১২ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬-১৭ বছর আগে শালবনের প্রায় ১ হাজার ২০০ ফুট পশ্চিমে বাজারদেহা গ্রামের ওপর দিয়ে টাঙ্গন নদ প্রবাহিত হতো। এরপর থেকে প্রতিবছরই নদের ভাঙন অব্যাহত রয়েছে। গত বছরের বর্ষাতেও শালবাগানের ১৩-১৪ ফুট মাটি ভেঙে নদের গর্ভে বিলীন হয়েছে। গত বছর নয়টি শালগাছ উপড়ে গিয়েছিল। এবার বর্ষার শুরুতেই পাঁচটি শালগাছ উপড়ে পড়েছে।

দিনাজপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ ও বোঁচাগঞ্জ উপজেলার থুমনিয়া, ফুটকিবাড়ি, কংশরা ও ভবানীপুর মৌজার ৫০৭ একর বনভূমি নিয়ে থুমনিয়া সংরক্ষিত শালবন। ওই শালবনের সঙ্গেই রয়েছে দিনাজপুর বন বিভাগের পীরগঞ্জ বিট কর্মকর্তার কার্যালয়। এই বিটের আওতায় পীরগঞ্জ, বোঁচাগঞ্জ ও রাণীশংকৈলের প্রায় এক হাজার একর সরকারি বনভূমি রয়েছে।

পীরগঞ্জ বন বিট কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বর্ষার শুরুতেই লম্বালম্বিভাবে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে আট-নয় ফুট জায়গা টাঙ্গন নদে চলে গেছে। এই ভাঙনের সময় পাঁচটি মাঝারি আকারের শালগাছ উপড়ে যায়। গত বছরের বর্ষাতেও নয়টি গাছ উপড়ে গিয়েছিল।

গত মঙ্গলবার দুপুরে দেখা গেছে, শালবনের ভাঙনকবলিত জায়গায় পাঁচটি শালগাছ উপড়ে গিয়ে পানিতে পড়ে আছে। ওই জায়গায় ১০-১২ ফুট এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ফাটা ওই অংশটি নদের গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

পীরগঞ্জের বন বিট কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘শালবাগানটি রক্ষার্থে টাঙ্গন নদের গতিপথ আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ৫০০ ফুট আরসিসি ব্লক বসিয়ে গাইড বাঁধ নির্মাণ করা দরকার। এ ব্যাপারে আমি ২০১৫ সালের উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরি। গত বছরের এপ্রিল মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে সার্ভেয়ার এসে গাইড বাঁধ নির্মাণের ব্যাপারে তথ্য নিয়ে যান। কিন্তু পরে আর কোনো সাড়া মেলেনি।’

বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল আউয়াল সরকার বলেন, ‘আমি এর আগে পীরগঞ্জ থুমনিয়া শালবনে গিয়ে গত বছরের নদীভাঙনে শালবনের ক্ষতির চিত্র দেখেছি। এবারও ভাঙছে শুনেছি। নদীশাসনের জন্য বাঁধ নির্মাণ করে শালবাগান রক্ষার বিষয়টি শুধু বন বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়। তা পাউবোরও বিষয়। থুমনিয়া শালবাগান ভাঙনের দৃশ্যটি সরেজমিনে দেখে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’