পীরগঞ্জে নির্বাচনী আমেজে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের মতো পীরগঞ্জ উপজেলার ৬২ মাধ্যমিক, ১৬ নিম্ন মাধ্যামিক ও ১০টি দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্টুডেন্টস কেবিনেট ম্যানুয়াল থেকে জানা গেছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের গোপন ব্যালটের ভোটে পাঁচ শ্রেণি থেকে পাঁচজন শিক্ষার্থী নির্বাচিত হবে। এরপর যেকোনো তিন শ্রেণি থেকে সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনকে নিয়ে আট সদস্যের এক বছর মেয়াদি স্টুডেন্টস কেবিনেট গঠন করা হবে।

গতকাল দুপুরে জাবরহাট উচ্চবিদ্যালয়ে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভোটের আমেজ। তারা দল বেঁধে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে। কয়েকজনকে লিফলেট বিতরণ করতেও দেখা গেছে।

ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবদুল কাইয়ুম বলে, ‘আমরা ছোটকাল থেকেই ভোট দিতে শিখব, স্কুলের ভালো-মন্দ নিয়ে স্যারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারব, এটাই আনন্দ।’

পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, ‘সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। আমার বিদ্যালয়ের দুই শিফটের ২৩০০ শিক্ষার্থী-ভোটার আজ ভোট দেবে।’