পীরগঞ্জে নৌকা মার্কায় ভোট চাইলেন জয়
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার মা শেখ হাসিনা আপনাদের এলাকার প্রার্থী। তাঁকে ভোট দিতে আপনারা ভোটকেন্দ্রে আসুন। আমার মাকে নৌকা মার্কায় ভোট দিন।’
গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের গোলচক্কর এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমি আপনাদের ছেলে হিসেবে ভোট চাইতে এসেছি। আমার মা নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। আওয়ামী লীগ উন্নয়ন করে দেশের মানুষকে শান্তি দেয়। আর বিএনপি সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেয়।’
তথ্যপ্রযুক্তি প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাড়ে চার হাজার ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছে। যার মাধ্যমে কম খরচে মানুষজন বিদেশে যেতে পারছে।
বেলা একটায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন সজীব ওয়াজেদ। পীরগঞ্জে কয়েকটি পথসভা শেষে তিনি ফতেপুরে জয় সদনে যান। আজ শুক্রবারও তিনি বিভিন্ন পথসভায় বক্তৃতা করবেন।