পীরগঞ্জে প্রচারে নেই প্রতিদ্বন্দ্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) ছাড়াও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পক্ষে নির্বাচনী জনসভা করতে আজ মঙ্গলবার তিনি পীরগঞ্জে আসছেন। শেখ হাসিনার আগমনের প্রতিবাদ ও নির্বাচন প্রতিহত করতে পীরগঞ্জসহ রংপুরের আট উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আসনে আদতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নেই। যদিও ব্যালট পেপারে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে নাম থাকছে নূর আলমের। প্রতীকও থাকছে জাপার লাঙ্গল। জাপার এই প্রার্থীর অভিযোগ, তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা প্রত্যাহার দেখানো হয়নি। তিনি কোনো নির্বাচনী সভা করেননি। এমনকি তাঁর পক্ষে পোস্টার ছাপা বা টাঙানো হয়নি।
এ প্রসঙ্গে নূর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলাম। কিন্তু এর পরও তা প্রত্যাহার দেখানো হলো না। এরশাদের নির্দেশে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না। তাই পোস্টার, প্রচারের প্রশ্নই উঠতে পারে না।’
জাপার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা না থাকলেও শেখ হাসিনার পক্ষে পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারাভিযান চলছে। তিনি আজ পীরগঞ্জ উপজেলার খালাসপীরে তরফ মৌজা উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। তাঁর আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
যদিও একতরফা এই নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন কোনো কৌতূহল নেই। বরং আছে উদ্বেগ-উৎকণ্ঠা। এলাকায় ভোটের কোনো আমেজও নেই। নেই কোনো তোরণ, ব্যানারও। তবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ও শেখ হাসিনার আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পোস্টার টাঙানো হয়েছে।
নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে একটি চায়ের দোকানের কর্মচারী আজাদ রহমান বলেন, ‘এইগলা ভোটোত কোনো মজা নাই। ভোটের দিন কী হইবে আর না হইবে এইগলা আলোচনায় খালি মানুষের মুখে মুখে আছে।’ তবে পীরগঞ্জের একজন রিকশাচালক ইকবাল হোসেন বলেন, ‘হামার এলাকার বধূ ভোটোত খারাইছে হামরা ভোট দিবার যামো। কায় কোন্টে কী কইল কউক। তাতে হামার যায় আসে না।’
শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘ইতিমধ্যে ১০৬টি নির্বাচন কেন্দ্রে কমিটি, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকায় নির্বাচনী সভাও করা হচ্ছে।’
গতকাল সোমবার বিকেলে রংপুর নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদ ও নির্বাচন প্রতিহত করতে পীরগঞ্জসহ রংপুরের আট উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটিতে এবার প্রতিদ্বন্দ্বী নেই। কাজেই প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাপার মসিউর রহমান রাঙ্গা, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান।
পীরগঞ্জসহ বাকি তিনটি আসনে ভোট গ্রহণ করা হবে। ওই সব আসনে জাতীয় পার্টির প্রার্থীদের লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এরশাদের পক্ষ থেকে তাঁর ছবিসহ পোস্টার টাঙানো হয়েছে।