পীরগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ নভেম্বর ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে পীরগঞ্জের বন্ধুসভার সদস্যরা রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পৌর পাঠাগার পরিষ্কার করার কাজে অংশ নেন। দুপুর ১২টায় তাঁরা দন্ত্যস রওশন, তৌহিদুর রহমানসহ কয়েকজন লেখকের ৪০টি বই পাঠাগারে দেন। পৌর মেয়র কশিরুল আলম বইগুলো গ্রহণ করেন।
বিকেল চারটায় পীরগঞ্জ প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে পাইলট স্কুলের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সন্ধ্যা ছয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ বন্ধুসভার সভাপতি হৃদয়নাথ অধিকারী।
আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার, পৌরসভার মেয়র কশিরুল আলম, সাপ্তাহিক প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গোপী কৃষ্ণ রায়, প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন ইউএনও ইফতেখারুল, বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক শিউলী রায় প্রমুখ। সবশেষে জাদু দেখান পাইলট স্কুলের শিক্ষক মুক্তরুল ইসলাম।