পীরগঞ্জে প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শিক্ষক সমিতি মাধ্যমিক পর্যায়ের প্রথম সাময়িক পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করেছে। এর মধ্যে নবম ও দশম শ্রেণীর দুটি বিষয়ের প্রশ্নপত্র কিছু অসাধু স্কুলশিক্ষক ও কোচিং সেন্টারের শিক্ষক ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধ ও বৃহস্পতিবার এ ঘটনা প্রকাশিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু করা হয় প্রথম সাময়িক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নীতিমালা অনুযায়ী, নিজস্বভাবে তৈরি করা প্রশ্নপত্র দিয়ে প্রতিটি বিদ্যালয়কে পরীক্ষা নিতে হবে। কিন্তু ওই নীতিমালা লঙ্ঘন করে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি নিজেরাই অভিন্ন প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নিচ্ছে।পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র বৃহস্পতিবার অনুষ্ঠেয় জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন বুধবার বিকেলেই পেয়ে যায়। সে তার মুঠোফোনে ধারণ করা প্রশ্নোত্তরের ভিডিও দেখে পরীক্ষা দেওয়ার সময় এক শিক্ষকের কাছে ধরা পড়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে তার উত্তরপত্র বাতিল এবং মুঠোফোন জব্দ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাবরহাট গ্রামের একজন নবম শ্রেণীর ছাত্র এবং পৌর শহরের নবম ও দশম শ্রেণীর দুজন ছাত্র জানায়, তারা কয়েক দিন থেকেই পরীক্ষার আগের দিন প্রশ্ন পাচ্ছে এবং খুব ভালো পরীক্ষা দিচ্ছে।একাধিক অভিভাবক জানান, পরীক্ষা চলাকালে কিছু অসাধু শিক্ষক ও কোচিং সেন্টারের শিক্ষক বিভিন্ন কৌশলে প্রশ্নপত্র ফাঁস করে তা তাঁদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। বুধ ও বৃহস্পতিবারের নবম ও দশম শ্রেণীর রসায়ন ও জীববিদ্যা বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টি প্রকাশ পায়।নবম ও দশম শ্রেণীর একাধিক ছাত্র জানায়, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের হাতে লেখা সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র তারা তাদের ‘ইউরেকা’ কোচিং সেন্টারে পড়ুয়া বন্ধুদের কাছে পায়। ওই কোচিং সেন্টারের কয়েকজন ছাত্র জানায়, ইউরেকা কোচিং সেন্টারের হযরত আলী ও আমজাদ হোসেন স্যার তাদের হাতের লেখা প্রশ্ন দিয়েছেন। হযরত আলী ও আমজাদ হোসেন জানান, তাঁরা ছাত্রদের যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছেন, সেগুলোই পরীক্ষায় কমন পড়েছে। এখানে তাঁদের কোনো দোষ নেই।উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলম প্রশ্ন ফাঁস হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পরীক্ষার আগে স্কুলগুলোতে প্রশ্ন দিয়ে দিই, কোথা থেকে ফাঁস হয়, তা জানা মুশকিল।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।