পীরগঞ্জে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালিত হবে আজ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাধীনতার ৪৩ বছর পর আজ ১৭ এপ্রিল প্রথমবারের মতো গণহত্যা দিবস পালিত হতে যাচ্ছে। পীরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করাসহ স্থানীয় সাতজনকে ধরে নিয়ে যায়। পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের জামালপুর আখের খামারের (ভাতারমারী) রাস্তার ধারে বেয়নেটের খোঁচায় তাঁদের নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।
ওই ঘটনার সাক্ষী পীরগঞ্জে মুক্তিযুদ্ধের প্রধান সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ বলেন, ওই দিন তিনি এলাকা ত্যাগের সময় হানাদারদের পিছু নিয়ে আখের খামারে সাতটি লাশের সন্ধান পান। পরদিন সকালে লাশগুলো যাঁর যাঁর আত্মীয়রা নিয়ে আসেন।
এবারই প্রথম নানা আয়োজনের মধ্য দিয়ে যৌথভাবে পীরগঞ্জে এ গণহত্যা দিবস পালনের উদ্যোগ নিয়েছে পীরগঞ্জ প্রেসক্লাব এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।