পীরগঞ্জে ফসলি জমি নষ্ট করে উপরিভাগের মাটি বিক্রি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃষকেরা জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) দেদার কেটে বিক্রি করে দিচ্ছেন ইটভাটায়। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি গভীর নলকূপের সেচনালা ও পানি সরবরাহের পয়েন্টগুলো (আউটলেট) ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক বেলায়েত হোসেন জানান, আবাদিজমির উপরিভাগের (টপসয়েল) ৬ থেকে ১০ ইঞ্চির মধ্যে জমির খাদ্য ও জৈব উপাদান (নিউট্রিয়েন্ট) থাকে। উপরি অংশের মাটি কেটে ফেললে এতে খাদ্য ও জৈব উপাদান থাকে না। তাই জমির উর্বরতা শক্তি কমে যায়। একে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ১০ বছর সময় লাগে। প্রতিবছর মাটি কাটলে এটা আর ফসলিজমি থাকে না।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ৭০ থেকে ৯০ একর জমি আবাদের লক্ষ্যে পীরগঞ্জের গুয়াগাঁও গ্রামের পূর্ব পাশে পি-৭০ নম্বর একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, নলকূপের সেচনালার শেষ প্রান্তে আবাদিজমিতে একটি ইটভাটা ও উত্তর দিকে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের পাশে দুটি ইটভাটা রয়েছে। ভাটার মালিকেরা চড়া দামে এসব কৃষিজমির মাটি কিনে নিচ্ছেন। এ কারণে আশপাশের জমির মাটি বেচাকেনার ধুম পড়েছে। চাষাবাদের জন্য হুমকি জেনেও মোটা অঙ্কের টাকায় অনেকেই ফসলিজমির মাটি বিক্রি করছেন ভাটামালিকদের কাছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, জমিগুলোয় দুই শতাধিক শ্রমিক মাটি কাটছেন। চারপাশের মাটি কাটায় নলকূপের সেচনালার আউটলেটগুলো পাঁচ-ছয় ফুট উঁচুতে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। শ্রমিকেরা মাটি কেটে ভ্যানে করে ইটভাটায় নিয়ে যাচ্ছেন। তাঁরা জানান, তাঁরা তিন-চার মাস ধরে মাটি কাটছেন।এ ব্যাপারে কয়েকজন চাষি জানান, ভেমটিয়া গ্রামের আবদুল্লাহ মেম্বার, হবিবর রহমান, গুয়াগাঁও গ্রামের তাইজুল ইসলাম, কাইমত আলী, হাসান আলী, ওমর ফারুক, ছুটু বুড়া, নুরুল ইসলামসহ অনেক চাষিই মাটি বিক্রি করেছেন। আরও অনেকে মাটি বিক্রি করার জন্য ভাটামালিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন।চাষিরা জানান, এক বিঘা জমির উপরিভাগের এক ফুট মাটি বিক্রি করলে ১৪ থেকে ১৮ হাজার এবং দুই ফুট বিক্রি করলে ২৫ থেকে ৩০ হাজার টাকা পাওয়া যায়। তাঁরা জানান, মাটি বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়া যায়, এক বছরে ধানের আবাদ করে এত টাকা পাওয়া যায় না। তাই তাঁরা মাটি বিক্রি করছেন।ভেমটিয়া গ্রামের চাষি আবুল হাসান বলেন, ‘চারদিকের মাটি কেটে ফেলায় আমার জমিটা উঁচু হয়ে আছে, ওই জমিতে নলকূপের পানি উঠে না। তাই আমি বাধ্য হয়ে ১৫ হাজার টাকায় এক ফুট মাটি বিক্রি করেছি।’গুয়াগাঁও গ্রামের আবদুর রশিদ জানান, চারপাশের মাটি কাটার কারণে আউটলেটগুলো কখন যে উল্টে পড়বে, তার ঠিক নেই। এম বি ইটভাটার মালিক মো. শাহজাহান বলেন, ‘মাটি ছাড়া তো আর ইটভাটা করা সম্ভব নয়। আমি মানুষের পুকুর খনন করে মাটি সংগ্রহ করি। চাষির কাছ থেকে মাটি কিনলেও ফসলিজমির বারোটা বাজিয়ে মাটি কাটাই না।’বিএমডিএ পীরগঞ্জ অঞ্চলের সহকারী প্রকৌশলী খায়রুল আলম বলেন, ‘ওপরের মাটি কেটে নেওয়ায় গভীর নলকূপের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা করেছি। সরেজমিনে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু কেউ তোয়াক্কা করছেন না।’