পীরগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এতে আরও আটজন আহত হয়েছেন। আহত লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় পথচারীরা উপজেলার বিষ্ণুপুর এলাকায় রিং-স্লাব তৈরির দোকানের চালাঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই চালাঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই উপজেলার বনডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও খটশিঙ্গা গ্রামের মাধব চন্দ্র রায়ের (২৩) মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার বহরা গ্রামের জয়নাল আবেদীন (৪৫), ফজিরউদ্দীন (৩৬), সুরেশ চন্দ্র (৩২) ও ময়াবাড়িয়া (৪৫), মহেষপুরের জিতেন্দ্র (৩৫) ও আঙ্গাই (২৪), খটশিঙ্গা গ্রামের দিলীপ কুমার (৪০) ও মল্লিকপুর গ্রামের খলিলুর রহমান (৫৫) আহত হন। আহত েলাকজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘আহত ব্যক্তিদের আরও উন্নত চিকিৎসা দরকার। তাই তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’