পীরগঞ্জে বাগ্বিতণ্ডার পর আ.লীগে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের কমিটি গঠন ও কাজ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথম দফায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডার পর সমঝোতার ভিত্তিতে নির্বাচনী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পীরগঞ্জ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কশিরুল আলমের পক্ষ হয়ে পৌরসভায় নির্বাচনী কমিটি গঠন ও কাজ করার লক্ষ্যে গতকাল সকাল ১০টায় এক জরুরি সভা ডাকা হয় আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় মূল আলোচনা শুরু হয়। আলোচনায় সাবেক সাংসদ ইমদাদুল হক, খনগাঁও ইউনিয়নের সভাপতি আবু শহীদ, বৈরচুনা ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, হাজীপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সহসভাপতি বশির উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা নৌকা প্রতীকের সম্মান বজায় রাখতে একজোট হয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কশিরুল আলমের জন্য নির্বাচনে কাজ করার আহ্বান জানান।
কিন্তু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক তাঁর বক্তব্যে পাঁচ বছর আগে মেয়র থাকাকালে এবারের প্রার্থী কশিরুল আলমের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘কশিরুল আলম এর আগে সাত বছর মেয়র থাকাকালে দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম করেছেন। তিনি জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন। আমি (ইকরামুল হক) গতবার পৌর নির্বাচন করাকালে আমার বিপক্ষে নির্বাচন করেছেন। ওনার কারণে আমি অল্প ভোটের ব্যবধানে হেরে গেছি।’
ভারপ্রাপ্ত সভাপতির এ বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। ইকরামুল হক ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ অবস্থায় এবারের মনোনীত প্রার্থী কশিরুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে বাগ্বিতণ্ডা নতুন মোড় নেয়। মনোনীত প্রার্থীর এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ আসতে থাকে নেতা-কর্মীদের মধ্য থেকে।
শেষ পর্যন্ত সাবেক সাংসদ ইমদাদুল হক বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘নৌকা আওয়মী লীগের প্রতীক। এ প্রতীক নিয়ে খেলা করার ক্ষমতা কারও নেই। আমরা ভালোভাবে নির্বাচন করে জনগণের রায় নিজেদের পক্ষে ফিরিয়ে আনব।’ শেষ পর্যন্ত পৌরসভার ওয়ার্ড ও মহল্লায় নির্বাচনী কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গতকাল সন্ধ্যায় সাবেক সাংসদের নেতৃত্বে নির্বাচনী কমিটি গঠন করা হয়।
এবারের পৌর নির্বাচনে পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র কশিরুল আলম, বিএনপি থেকে বর্তমান মেয়র রাজিউর রহমান এবং জাপা (এ) থেকে সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আলমগীর কবীর ও নজরুল ইসলাম (জামায়াত)। ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে তাঁদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকরামুল হক জানান।