পীরগঞ্জে বাস খাদে এক পরিবারের তিনজন নিহত, আহত ২০
রংপুরের পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজ এলাকায় গতকাল সোমবার বাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাইবান্ধা থেকে রংপুরগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সন্ধ্যা সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণে রংপুর-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত তিনজন স্বামী, স্ত্রী ও ছেলে। তবে তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শহীদুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গাড়ির চালক ও সহযোগী পলাতক রয়েছেন।