পীরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলের কর্মী আমিনুল ইসলাম ওরফে মিন্টুর (৪০) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটা এ সংঘর্ষে আহত হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পীরগঞ্জ সদর ইউনিয়নের দুররাজপুর গ্রামে তাঁর বাড়ি।পুলিশ জানায়, পীরগঞ্জের উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম সমর্থিত পক্ষ মঙ্গলবার বিকেলে শাহ আবদুর রউফ কলেজের মাঠে সমাবেশ আহ্বান করে। একই সময়ে একই স্থানে নূর মোহাম্মদ মণ্ডলের সমর্থিত পক্ষ পাল্টা সমাবেশ ডাকে। এতে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে। এ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে সাইফুল-সমর্থিত পক্ষ উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে বালুয়াহাটে সমাবেশ করে। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর আহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান।সাইফুল-সমর্থিত পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, সমাবেশের শেষ পর্যায়ে নূর মোহাম্মদ মণ্ডলের নেতৃত্বে শতাধিক কর্মী সেখানে হামলা চালায়। এতে মিন্টু আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল ভোরে সেখানে তিনি মারা যান।সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাবেশের শেষ দিকে বিএনপির অপর পক্ষের নেতা-কর্মীরা হামলা চালায়। তাদের হামলায় আহত হয়ে বিএনপির কর্মী মিন্টু গতকাল মারা যান।সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘এই সংঘর্ষের ঘটনায় আমি জড়িত ছিলাম না।’ এর বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা বলেন, মিন্টু নিহত হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির কর্মী রফিকুল ইসলাম বাদী হয়ে নূর মোহাম্মদ মণ্ডলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন।