পীরগঞ্জে বেগুনের দাম নেই
মাটি, পানি ও আবহাওয়া বেগুন চাষের অনুকূল হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেগুনের ব্যাপক আবাদ হয়েছে এবার। কিন্তু টানা অবরোধ ও হরতালের কারণে ক্রেতা নেই, পাইকারেরাও খেত থেকে বেগুন কিনে কোথাও পাঠাতে পারছেন না। ক্রেতা না থাকায় চাষিরা প্রতি মণ বেগুন ৮০-৮৫ টাকা দরে বিক্রি করছেন।
ধারদেনার টাকা দিয়ে বেগুন আবাদ করে এবার উৎপাদন খরচই উঠছে না। একাধিক চাষি জানান, গত বছর এ সময় মাঠেই বিক্রি হয়ে যেত বেগুন। স্থানীয় পাইকারেরা খেত থেকে বেগুন কিনে নিয়ে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় পাঠাতেন। আগে পাইকারি বাজারে প্রতি কেজি বেগুন ১৫-১৬ টাকায় বিক্রি করতেন চাষিরা।
গত বুধবার পীরগঞ্জ কলেজ হাট, লোহাগাড়া ও জাবরহাট ঘুরে বেগুনের এ দরপতন দেখা গেছে। এসব হাটে ফুলকপি ও বাঁধাকপিও পানির দরে বিক্রি হতে দেখা গেছে।
খনগাঁও গ্রামের রঞ্জন কুমার রায় পীরগঞ্জ কলেজ হাটে বেগুন বিক্রি করতে এসে আক্ষেপ করে বলেন, ‘১০ মণ বেগুন ৮০০ টাকায় বিক্রি করলাম। খেত থেকে বেগুন তুলতে ৬০০, ভ্যানভাড়া ৫০০ টাকা, হাটের হাসিল ১০০ টাকা, দালালের ১০০ টাকা মিলে এক হাজার ৩০০ টাকা খরচ হলো। ০ মণ বেগুনে ৫০০ টাকা লোকসান গেল।’