পীরগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান ব্যর্থ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। বাজারে ধান ও চালের দাম বেশি হওয়ায় চুক্তিবদ্ধ চালকলমালিকদের অনেকেই চাল সরবরাহ দিতে না পারায় গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি।
পীরগঞ্জ সরকারি খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, নয় হাজার ১৩৬ মেট্রিক টন চাল ও ৪৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে গত ১০ জুন পীরগঞ্জে সংগ্রহ অভিযান শুরু হয়। অভিযানের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় হাজার ১০০ মেট্রিক টন চাল সংগ্রহ সম্ভব হয়েছে। তবে ধান সংগ্রহ হয়নি এক ছটাকও।
জানা গেছে, সংগ্রহ অভিযান সফল করতে উপজেলার ২৮২টি চালকলের মালিক খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেন। এর মধ্যে ১৪টি চালকলের মালিক স্বীয় স্বার্থে তাঁদের নামে বরাদ্দ রাণীশংকৈল সরকারি খাদ্যগুদামে দেন। এ অবস্থায় পীরগঞ্জ খাদ্যগুদামে চাল সরবরাহ করে ২৬৮টি চালকল।
উপজেলা চালকলমালিক গ্রুপের সভাপতি মো. ইমদাদুর রহমান বলেন, ‘সংগ্রহ অভিযান শুরুর প্রথম দিকে বাজারে ধানের দাম কম ছিল কিন্তু তখন গুদামে জায়গা ছিল না। জায়গা সৃষ্টির জন্য সে সময় গুদাম কর্মকর্তার কোনো চেষ্টাই ছিল না। অভিযানের শেষ সময়ে গুদামে পর্যাপ্ত জায়গা থাকলেও বাজারে ধান নেই। এ অবস্থায় আমরা অনেকেই বরাদ্দ অনুযায়ী চাল সরবরাহ করতে পারিনি।’
পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) জাকারিয়া আহমেদ বলেন, বাজারে দাম বেশির কারণে সংগ্রহ অভিযান সফল হয়নি। চাল সংগ্রহের সময় বাড়ানোর কথা শোনা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।