পীরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বাল্যবিবাহ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ে মেয়েদের বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। বাল্যবিবাহের কারণে অনেক নাবালিকা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে ও সন্তানের মা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জসাইপাড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে ও লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী শাবনুর বেগম গত শুক্রবার সন্তানের মা হয়েছে। নবজাতককে রেখে ওই দিন সকাল নয়টায় সে পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার প্রবেশপত্রে তার জন্মতারিখ ২০ মার্চ ১৯৯৬। এই হিসাবে শাবনুরের বয়স ১৭ বছরের কম।ওই দিন পরীক্ষা শেষে শাবনুর বেগমের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত বছর দশম শ্রেণীতে অধ্যয়নকালে প্রবাসী এক আত্মীয়ের সঙ্গে তার বিয়ে হয়। শাবনুর বলে, ‘ছেলে সন্তান পেয়ে আমার মনোবল বেড়ে গেছে, তাই আমি বেঞ্চে বসেই পরীক্ষা দিলাম।’অপর দিকে গত বুধবার সকাল আটটার দিকে ছেলের মা হয়েছে পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের বাহার আলীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী মৌসুমী আক্তার। সে ভেলাতৈড় আদর্শ উচ্চবিদ্যালয় থেকে পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার প্রবেশপত্র মোতাবেক তার জন্মতারিখ ১৫ সেপ্টেম্বর ১৯৯৭। এ হিসাবে তার বয়স ১৫ বছর ছয় মাস। গত বছর সেনুয়া গ্রামের বাদশা আলমের সঙ্গে তার বিয়ে হয়।গত শুক্রবার সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা শেষে মৌসুমী আক্তারের সঙ্গে কথা হয়। এ সময় সে বলে, ‘ছেলে হয়েছে তাই আমি সব কষ্ট ভুলে গিয়ে পরীক্ষা দিচ্ছি।’পীরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অন্তত নয়জন শিক্ষক ও ২৫ শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, সপ্তম ও অষ্টম শ্রেণীর দুই ছাত্রীকে গত বছরের মার্চ ও জুনে বিয়ে দেন তাদের অভিভাবকেরা। বিয়ের পর থেকেই ওই ছাত্রীদের বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়। ভেবরা বড়পুকুর বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিয়ে হয় নবম ও দশম শ্রেণীতে পড়া অবস্থায়। ভাকুড়া বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষার্থী বিয়ের পর পড়ালেখা ছেড়ে এখন ঘর সংসার করছে। একইভাবে ভাদুয়া উচ্চবিদ্যালয়ের পাঁচজন, আদর্শ উচ্চবিদ্যালয়ের তিনজন, ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দুজন, ভোমরাদহ উচ্চবিদ্যালয়ের চারজন, জাবরহাট উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে।পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব মফিজুল হক বলেন, ‘উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৮ থেকে ১০ শতাংশ বালিকাই বাল্যবিবাহের শিকার হয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রী উপবৃত্তির নীতিমালায় স্পষ্ট বলা আছে বিবাহিতরা কোনোমতেই উপবৃত্তি পাবে না। আমি শিক্ষকদের সজাগ থাকতে বলি। একজন মেয়ের বিয়ের সময় তার বয়স যেন বাড়িয়ে দেখানো না হয় সেজন্য শিক্ষক, কাজি ও ইউনিয়ন চেয়ারম্যানসহ সবার সজাগ থাকা দরকার।’