পীরগঞ্জে মোটরসাইকেল চুরি ও ছিনতাই বেড়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৭ দিনে ছয়টি মোটরসাইকেল চুরি ও ছিনতাই হয়েছে। গত ১০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে এগুলো চুরি ও ছিনতাই হয়।
ভুক্তভোগী মোটরসাইকেল মালিকদের অভিযোগ, একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
কৃষ্টপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘হ্যান্ডেল লক করে রেখেও কাজ হলো না, আমার গাড়িটা চোর নিয়ে গেল।’
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, হ্যান্ডেল লকে কোনো ভরসা নেই। তাঁদের কেউ রড তালা আবার কেউ চেইন তালা ব্যবহার করেছেন। তাতেও রক্ষা হয়নি। সম্প্রতি যে কয়টি মোটরসাইকেল চুরি হয়েছে—সবগুলোতেই হ্যান্ডেল, রড বা চেইন তালা লাগানো ছিল।
৬ জুলাই সাঁথিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের পালসার মোটরসাইকেল টাঙ্গন নদের রাবারড্যামসংলগ্ন ভাঙা সেতুর কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৪ জুলাই মালঞ্চা কাটাবাড়ি মোড়ের পূর্ব পাশের সেতুর কাছ থেকে ফুটটিবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হীরা লাল রায়ের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়।
৩ জুলাই একটি ওষুধ কোম্পানির পীরগঞ্জের বিক্রয় প্রতিনিধি মো. মানিকের ডিসকভার-১৩৫ সিসি কালো রঙের মোটরসাইকেল চুরি হয়।
গত ২৯ জুন পীরগঞ্জ পিএস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সিটি বাজাজ-১০০ সিসি লাল রঙের মোটরসাইকেল পীরগঞ্জ ভূমি জরিপ কার্যালয়ের সামনে থেকে চুরি হয়।
২৭ জুন রনসিয়া স্কুল বাজার থেকে ওই গ্রামের আব্দুস সামাদের ডায়াং-১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। ১৮ জুন কৃষ্টপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের ডিসকভার-১৩৫ সিসি লাল রঙের মোটরসাইকেল হাজিপুর বোর্ড হাট থেকে চুরি হয়। ১০ জুন ভেলাতৈড় উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলেটের ডাইয়ুন-১০০ সিসি মোটরসাইকেল মুন্সিপাড়া ফুলকুড়ি কেজি স্কুলের ফটকসংলগ্ন বাড়ির সামনে থেকে চুরি হয়।
ভুক্তভোগী মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় তাঁরা সবাই থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি চন্দরিয়া গ্রামের আবদুল মালেকের ডিসকভার ব্র্যান্ডের ১০০ সিসি মোটরসাইকেল মল্লিকপুর থেকে ছিনতাই হয়। এর আগে গত বছরের বিভিন্ন সময়ে একই জায়গা থেকে আরও তিনটি মোটরসাইকেল ছিনতাই হয়। পরে উপজেলা প্রশাসন ওই এলাকায় চৌকিদার ও আনসার নিয়োগ করে। এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘মোটরসাইকেল ছিনতাইয়ের নিরাপদ জায়গা মল্লিকপুর’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর পর থেকে সেখান থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের খবর পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াহেদ বলেন, ‘মোটরসাইকেল চুরি রোধে পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে। আমরা পীরগঞ্জ-বীরগঞ্জ, পীরগঞ্জ-বোঁচাগঞ্জ, পীরগঞ্জ-ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে চারটি তল্লাশিচৌকি বসিয়েছি। শিগগিরই একটা ফলাফল পাব বলে আশা করি।’