পীরগঞ্জে যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর গ্রামের আবদুর রহমানের (৩০) লাশ গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২ বর্ডার গার্ড (বিজিবি) দিনাজপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার রাতে সীমান্ত পিলার ৩৩৩/৩-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কালিয়াগঞ্জের পুলিশ, বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ হাসান জানান, ১৩ জানুয়ারি বৈরচুনা ইউনিয়নের চান্দোহর গ্রামের আবদুর রহমান (৩০) ও একই গ্রামের আসাদ আলী (৪২) চান্দেরহাট বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৩৩/৬-এর কাছে ভবানীপুর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৩৪ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা তাঁদের ধরে নিয়ে ভারতের কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেন।
তিনি আরও বলেন, ‘আমি ভারতের ১৩৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এস এ রাঠোরের সঙ্গে টেলিফোনে কথা বলে জানতে পারি, ওই দুই বাংলাদেশি নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে জন্য কালিয়াগঞ্জ থানার পুলিশ তাঁদের রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান হাসপাতালে মারা যান এবং আসাদ আলী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’
নিহত ব্যক্তির ভাই আইনাল হক অভিযোগ করেন, বিএসএফের নির্যাতনে আবদুর রহমানের মৃত্যু হয়েছে।