পীরগঞ্জে রাজিউর সভাপতি, রেজাউল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার নয়টি ওয়ার্ড ও পৌরসভা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাজিউর রহমানকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও মো. জালালউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পৌর বিএনপি সূত্রে জানা গেছে, পৌরসভার ফানসিটি পার্কে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় শনিবার বেলা ১১টায়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. রাজিউর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান ও উপজেলা সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম। আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ ও জিল্লুর রহমান, পৌর শাখার সদস্য মানু চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।