পীরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই শিশুর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তির বিরুদ্ধে ওই মামলা করেন।
মামলার এজাহার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই শিশুর বাবা তাঁর কর্মস্থলে যান। শিশুর মাও বাড়ির পাশে ধানখেতে সেচ দিতে যান। এ সময় ওই শিশুটি বাড়িতে একা ছিল। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি (৫০) শিশুটিকে বাড়ি থেকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটির মুখ, হাত ও পা কাপড় দিয়ে বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির গোঙানির শব্দে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ঘরে ঢোকেন। পরে ওই শিশুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়। ছাড়া পেয়ে শিশুটি এসে তার চাচাতো বোনকে ঘটনা খুলে বলে। পরে শিশুটির মা বাড়িতে এলে তাঁকেও সব খুলে বলে। খবর পেয়ে ওই শিশুর বাবা বাড়ি এসে আশপাশের লোকজন এবং কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গৌতম চন্দ্রকে মৌখিকভাবে বিষয়টি জানান।
ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র বলেন, ‘আমি নির্বাচনের কারণে ব্যস্ত আছি। তাই ওই শিশুর বাবাকে থানায় অভিযোগ করতে পরামর্শ দিয়েছি।’
পীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুর বাবা ওই ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।