পীরগঞ্জে শিশুসহ নিহতদের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা একই পরিবারের সদস্য। গত সোমবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের আংরার সেতু এলাকায় বিআরটিসির বাস খাদে পড়ে ওই দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক তোজাম্মেল হক বাদী হয়ে থানায় গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পীরগঞ্জ থানার পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন মৌসুমী আখতার (২৫) ও তাঁর ৪৫ দিন বয়সের মেয়ে উম্মেহানী ও দেবর মোরশেদুল হক (২২)। তাঁদের বাড়ি উপজেলার ফতেহপুর গ্রামে। মোরশেদুল পীরগঞ্জ শাহ্ আবদুর রউফ অনার্স কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। মৌসুমীর স্বামীর নাম আরশেদুল হক। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। শিশু উম্মেহানী ছিল তাঁদের একমাত্র সন্তান। আরশেদুল ঢাকায় একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন।