পীরগঞ্জে শ্বশুর পরাজিত হলেন জামাইয়ের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে জামাইয়ের কাছে শ্বশুরের পরাজয় হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ওই ওয়ার্ডে সদস্যপদে বর্তমান সদস্য গোয়ালডাঙ্গীপাড়া গ্রামের সনন্ত বর্ম্মন ফুটবল প্রতীক নিয়ে, তাঁর মেয়েজামাই একই গ্রামের পূর্ণ চন্দ্র রায় নলকূপ ও একই ইউনিয়নের দেহানগর গ্রামের সাইফুল্লাহ ওরফে সাহেব আলী মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জামাই পূর্ণ চন্দ্র রায় ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্বশুর সনন্ত বর্ম্মন পান ৫৮০ ভোট। সাইফুল্লাহ পেয়েছেন ৫৪৪ ভোট।
প্রসঙ্গত, সনন্ত বর্ম্মন (৭৫) এর আগে ওই ওয়ার্ডে নয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বার নির্বাচিত হন।
গোয়ালডাঙ্গীপাড়া গ্রামে গিয়ে গতকাল রোববার দুপুরে কথা হয় সনন্ত বর্ম্মনের সঙ্গে। এ সময় তিনি বলেন, ‘এলাকার মানুষ টাকার কাছে হার মানল, যোগ্য মানুষকে মূল্যায়ন করল না।’
এ ব্যাপারে জানতে চাইলে পূর্ণ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘জনগণ একটা পরিবর্তন দেখতে চান, তাই তাঁরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমিও সাধ্যমতো জনগণের সেবা দিয়ে যাব।’