পীরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে ৪১ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে হত্যা মামলা করেছেন।জানা গেছে, ২৫ জুন কুমারপুর গ্রামের রব্বানীর সঙ্গে ঘাষিপুর গ্রামের রাজু মিয়ার জুয়া খেলার টাকা দেনা-পাওনা নিয়ে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বাধে। এতে ঘাষিপুর গ্রামের আহত জাহিদুল ইসলাম (৩৫) পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরদিন আবার সংঘর্ষ বাধে। এ সময় বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় চতরা হাটের নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘাষিপুর মাদ্রাসায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে আমর্ড ব্যাটালিয়ানসহ ৩১ সদস্যের একটি পুলিশ দল রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক টন চাল ও নগদ দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে।