পীরগঞ্জে সরকারি সাত কার্যালয়ের প্রধানের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাতটি সরকারি কার্যালয়ে প্রধান কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এসব কার্যালয়ে এসে স্থানীয় লোকজন যথাযথ সেবা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ হাসপাতাল, সমাজসেবা, প্রাথমিক শিক্ষা, পরিসংখ্যান এবং আনসার ও ভিডিপির কার্যালয়ের প্রধান কর্মকর্তা নেই। এর মধ্যে ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য রয়েছে। ইউএনওরা ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দেড় বছর ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম।ইউএনওর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন না থাকায় গবাদিপশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটি দুই মাস ধরে শূন্য। ২০১১ সালের ১২ এপ্রিল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেই। গত বছরের ৪ ডিসেম্বর মো. মোফাজ্জল হোসেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ওই দিনই প্রেষণে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চলে যান। ফলে পদটি আবারও শূন্য হয়ে যায়। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার পদ গত জুলাই মাস থেকে শূন্য। তিন বছর ধরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নেই।ইউএনও সাব্বির আহমেদ বলেন, পীরগঞ্জে কর্মকর্তা-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। এ ব্যাপারে তাঁর পক্ষ থেকেও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হবে।