
রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেকে নিয়ে আজ শ্বশুরবাড়ি যাচ্ছেন। তাঁর আগমন উপলক্ষে এলাকায় সাজ সাজ রব পড়েছে। সড়কে সড়কে শোভা পাচ্ছে অর্ধশতাধিক তোরণ। আজ বুধবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে জেলার পীরগঞ্জ উপজেলায় অবতরণ করবেন প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়া বাড়ির পশ্চিমে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানে নেমে সরাসরি প্রধানমন্ত্রী শ্বশুরবাড়িতে যাবেন। শ্বশুরবাড়ির নতুন নামকরণ হয়েছে ‘জয় সদন’।
প্রধানমন্ত্রীর সঙ্গে জয় ছাড়াও থাকবেন তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, জামাতা খন্দকার হাসান মাশরুর হোসেন এবং তাঁদের ছেলে জারিফ হোসেন ও তিন মেয়ে আমরিনা, আলিজা ও সিমি। পীরগঞ্জ থেকে লালদীঘি ঢাকা-রংপুর মহাসড়ক, লালদীঘি থেকে ফতেপুর সড়ক, পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত সড়কসহ বিভিন্ন সড়কে লাগানো হয়েছে ‘শুভেচ্ছা স্বাগতম’ লেখা তোরণ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলো তৈরি করা হয়েছে। আজ বেলা দুইটায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ও জয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ থেকে নির্বাচন করবেন বলে এলাকায় লোকমুখে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘মানুষের মুখে মুখে এ কথা শোনা যাচ্ছে, এটা ঠিক। তবে এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। জয় পীরগঞ্জসহ রংপুরের আরও কয়েকটি আসন থেকে নির্বাচন করুন—এই দাবি রাজনৈতিকভাবে আমরা করতেই পারি। জয় নির্বাচন করলে এখানকার আওয়ামী লীগের তৃণমূলে কাজের গতি ফিরে আসবে।’ প্রধানমন্ত্রী রংপুর-দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি পীরগঞ্জের কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতুর উদ্বোধন করবেন। এই সেতু আগে কাঁচদহ করতোয়া সেতু নামে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল। আগের আওয়ামী লীগ আমলে এই সেতুর উদ্বোধন হয়েছিল। জেলা প্রশাসন সূত্র জানায়, ওয়াজেদ সেতু উদ্বোধন ছাড়া প্রধানমন্ত্রী পীরগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন, পীরগঞ্জে মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পীরগঞ্জ পৌরসভার নামফলক উন্মোচন করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি পীরগঞ্জের লালদীঘির ফতেপুরে অবস্থান করবেন। এ সময় তিনি প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রীর এটাই প্রথম পীরগঞ্জ সফর। এর আগে তিনি এসেছিলেন ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনী সফরে।