পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন বাসযাত্রী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আশেক আলীর মেয়ে মর্জিনা বেগম (২৪) ও ট্রাকে থাকা কাঁঠাল ব্যবসায়ী সাতক্ষীরার আফাজ উদ্দিন (৩০)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জের লালদিঘি কলাবাগান এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে সাতক্ষীরাগামী কাঁঠালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী মর্জিনা ও ব্যবসায়ী আফাজ উদ্দিন নিহত হন। এ ছাড়া দুজন আহত হন। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কাজী শহিদুল ইসলাম বলেন, বাসের দুই যাত্রী আহত হলেও তাঁদের নাম জানা যায়নি। বাস ও ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।