পীরগঞ্জে হিমাগারে আলুতে পচন, কৃষক বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে কৃষিকল বীজ হিমাগারে রাখা অন্তত ৫০ হাজার বস্তা আলু পচে গেছে। এতে কৃষক ও আলু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পচা আলুর দুর্গন্ধে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানান, ১০ বছর আগে রংপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে দুই লাখ ২০ হাজার বস্তা ধারণ ক্ষমতার ওই হিমাগার প্রতিষ্ঠা করা হয়। এতে চলতি বছর এক লাখ ৫০ হাজার বস্তা আলু রাখা হয়। আগের বছরের আলু হিমাগারে পড়ে ছিল ৪০ হাজার বস্তা। কৃষকদের অভিযোগ, আগের ৪০ হাজার বস্তা আলুর সঙ্গে চলতি বছরের আলু রাখায় আলু পচে যাওয়ার ঘটনা ঘটেছে।
সয়েকপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম, চতরার আশরাফুল ইসলাম, রামনাথপুরের আইয়ুব আলী ও পালপাড়ার ধীরেন্দ্র নাথ পাল জানান, ওই হিমাগারে রাখা তাঁদের আলু পচে গেছে। এ বছরই তাঁরা আলু রেখেছিলেন। হিমাগার কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণ দিচ্ছে না।
আলু ব্যবসায়ী খেদমতপুরের বাচ্চু মিয়া, জোনাব আলী ও জহুরুল হক জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু কিনে লাভের আশায় তাঁরা এক হাজার বস্তা আলু ওই হিমাগারে রাখেন। বেশির ভাগ আলু পচে গেছে। লাভ তো দূরের কথা এখন মূলধন ওঠানোও দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, হিমাগারের আলু বাছাইয়ের সেড ঘরে (বারান্দায়) শতাধিক শ্রমিক বস্তার পচা আলুর মধ্য থেকে ভালো আলু বের করছেন। এসবআলু বাজারে প্রতি বস্তা ১৫০-২০০ টাকায় বিক্রি করা হয় বলে জানান তাঁরা।
উজিরপুর গ্রামের রাজা মিয়া, আজিজার রহমান, তছলিম উদ্দিন ও নাছিরুল ইসলাম অভিযোগ করেন, অধিক পচা আলু হিমাগারের সীমানাপ্রাচীরের পাশে ফেলে রাখায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বাড়িতে টেকাই মুশকিল হয়ে পড়েছে।
হিমাগারের মালিক জাহাঙ্গীর হোসেন ১৫ হাজার বস্তা আলু পচে যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, ‘যেসব বস্তার আলু পচে গেছে তা এবারের নয়, আগের বছর রাখা হয়েছে। গত বছর বাজারে দাম পড়ে যাওয়ায় কৃষকেরা ওই আলু হিমাগার থেকে বের করেননি। আমরাও তা হিমাগারে রেখে দিয়েছিলাম। এতে কৃষকের নয় আমাদের ক্ষতি হয়েছে।’
তিনি আরও জানান, পচা আলুগুলো হিমাগার থেকে বের করে ফেলা হয়েছে। এখন আর আলু পচে যাওয়ার আশঙ্কা নেই।