পীরগঞ্জের ছয়টি পাকা সড়ক বেহাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার ছয়টি পাকা সড়কে বেহাল অবস্থা দেখা দিয়েছে। ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে সড়কগুলো। এ কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, পীরগঞ্জ-চতরারহাট ১১ কিলোমিটার সড়কে প্রতিদিন অসংখ্য হালকা ও ভারী যানবাহন চলাচল করে। প্রতিদিন এলাকার ৪০টি গ্রামের মানুষ এ সড়কে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ স্থানে কার্পেটিং উঠে গেছে। আবার কোথাও ইট উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ধনাশলা গ্রামের সিদ্দিকুর রহমান বলেন ‘খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। এত খারাপ রাস্তা কোনোটে দেখো নাই।’
ধুলগাড়ী গ্রামের ভ্যানচালক শহিদার রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে খালি ভ্যান নিয়ে যাওয়াও কষ্টকর। মাল বোঝাই করে ভ্যান টেনে নিতে জীবনটা শেষ হয়ে যায়।’
পীরগঞ্জ-চতরারহাট সড়কটির মতোই বেহাল অবস্থা বড়দরগাহ-মাদারগঞ্জ হাট সড়কের। ১৫ কিলোমিটার এ সড়কে অসংখ্য যানবাহনসহ ৬০টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। বর্তমান সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের জন্য পায়ে হেঁটে চলাচল করাও কঠিন।
বড়দরগাহ-মাদারগঞ্জ হাট সড়কে নিয়মিত যাতায়াতকারী সানেরহাট গ্রামের মোজাফ্ফর হোসেন বলেন, ‘রাস্তা কোনার এক হাত বাদ বাদ পিচ উঠি যায়া বড় বড় গর্ত হইছে। বৃষ্টি হইলে গর্তগুলাত পানি ভরি থাকে। বুঝা যায় না। তখন গর্তোত পড়ি হাত-পায়ের ছাল উঠি যায়।’
মাদারগঞ্জ গ্রামের ছকিন উদ্দিন বলেন, ‘সড়কটি সংস্কার করতে অসুবিধা কোথায় বুঝি না।’
এদিকে পীরগঞ্জ উপজেলার অন্য সড়কগুলোরও একই দশা। ইট-সুরকি ও কার্পেটিং উঠে পথচলা দায়। পীরগঞ্জ সদর ইউনিয়নের ঝোরার ঘাট বাজার থেকে আনন্দনগর পর্যন্ত ছয় কিলোমিটার, রায়পুর ইউনিয়নের চৌরাহাট বাজার থেকে হরিণ শিং দীঘির এক কিলোমিটার, বড়দরগাহ ইউনিয়নের ২০ মাইল বাসস্ট্যান্ড থেকে গুরজিপাড়া হাট পর্যন্ত তিন কিলোমিটার এবং ইকলিমপুর থেকে ঘনশামপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এ সড়কগুলো সংস্কার না করায় পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফজলুল হক মণ্ডল বলেন, বরাদ্দ পেলে সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।