পীরগঞ্জের ছাত্রীর লাশ বালিয়াডাঙ্গীতে উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের অষ্টম শ্রেণীর ছাত্রী গোলাপী আক্তার (১৪) লাশ বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের গভীর নলকূপের একটি সেচনালা থেকে পুলিশ গত মঙ্গলবার উদ্ধার করেছে।
গোলাপী বথপালিগাঁও মহল্লার মুক্তিযোদ্ধা মৃত আবদুল গফ্ফারের মেয়ে ও রঘুনাথপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সেচনালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই বেওয়ারিশ হিসেবে লাশটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই দিন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরদিন স্বজনেরা গোলাপীর লাশ শনাক্ত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্তের সময় তা গুরুত্ব সহকারে পরীক্ষা করার জন্য সিভিল সার্জন বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
গত শুক্রবার ঠাকুরগাঁও মর্গ থেকে গোলাপীর স্বজনেরা গ্রহণ করেন এবং ওই দিন বিকেলে পীরগঞ্জের পীরডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।