পীরগঞ্জের পূর্ণিয়া সড়ক মাদক পাচারের নিরাপদ পথ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে যাওয়া পূর্ণিয়া সড়কটি মাদক চোরাচালানের নিরাপদ পথে পরিণত হয়েছে।
এ সড়কের পীরগঞ্জের বৈরচুনা বাজার, সিংহোর, রামনা চান্দোহর, আজলাবাদ, বাঁশতলী বাজার, পারঘাটা সেতু এলাকায় সীমান্তের ওপার থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। দিনাজপুরসহ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অনেকে এসব এলাকা থেকে মাদকদ্রব্য কিনে নিয়ে যান।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা থেকে পীরগঞ্জের ফাটারহাট, ফকিরগঞ্জ, রণশিয়া, চন্দরিয়া, বৈরচুনা, পারঘাটা সেতু হয়ে দিনাজপুর সদরের ঢেরাপটিয়া মোড় পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়েছে দেড় বছর আগে। এ সড়কটি গোগর থেকে রাণীশংকৈল নেকমরদ ও বালিয়াডাঙ্গী হয়ে ঠাকুরগাঁও শহরে ঢুকেছে। দিনাজপুর থেকে এ পথে বোঁচাগঞ্জ, পীরগঞ্জ, রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদরে যাতায়াত করা যায়। মাদক ব্যবসায়ীদের কাছে এ সড়কটি মাদকদ্রব্য অন্যত্র নিয়ে যাওয়ার নিরাপদ রাস্তায় পরিণত হয়েছে।
গত সোম ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে এলাকার কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিংহোর গ্রামের হাসান, হুসেন, আনোয়ার হোসেন ও তাঁর ভাই, জবাইদুর রহমান, সামুসহ আরও কয়েকজন ভারত থেকে ফেনসিডিল এনে বিক্রি করছেন। বৈরচুনা বাজারের রেজাউল ও তাঁর ভাই মিলন সিংহোর গ্রাম থেকে এনে ফেনসিডিল বিক্রি করছেন।
পীরগঞ্জ পৌরসভা এলাকার আবদুল কুদ্দুস, মবারক আলীসহ কয়েকজন অভিভাবক জানান, উপজেলার যত্রতত্র হাত বাড়ালেই এখন ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকদব্য মেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, বৈরচুনায় পুলিশের একটি তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত পীরগঞ্জের বৈরচুনা, বাঁশগাড়া, গোদাগাড়ী, বেলদহী, হরশুয়া, জগথা, গোরস্থানপাড়া, মিত্রবাটি, শান্তিবাগ, বথপালিগাঁও, মিলনবাজার, গুয়াগাঁও গ্রামে পুলিশ অভিযান চালায়। চোলাই মদ, ফেনসিডিল ও গাঁজা সেবনের অভিযোগে ২৭টি মামলায় ৩৯ জন মাদকাসক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এসব আসামির কাছ থেকে ৭৯৯ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই সময়ের মধ্যে ৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।