পীরগঞ্জের বেগুনখেতে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেগুনের ব্যাপক আবাদ হলেও ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার বেগুনের ফলন এমনিতেই কম। তার ওপর পোকার এ আক্রমণ চাষিদের হতাশায় ফেলেছে।
চাষিদের অনেকে জানান, এবার বেগুনের ফলন গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এর আবার অর্ধেকেই পোকা ফুটো করেছে। তাই বাজারে দাম বেশি থাকলেও চাষিদের কোনো লাভ হচ্ছে না। স্থানীয় বাজারে এবার প্রতি মণ বেগুন ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ভেলাতৈড় গ্রামের বেগুনচাষি সহিরুল ইসলাম জানান, এক একরের বেগুনখেতে সপ্তাহে দুই দিন দুই থেকে আড়াই হাজার টাকার কীটনাশক ছিটাতে হচ্ছে। গতবার যে জমি থেকে সপ্তাহে ৬০ থেকে ৬৫ মণ বেগুন পেয়েছেন, এবার পাচ্ছেন মাত্র ২০ থেকে ২৫ মণ। তারও আবার অর্ধেক পোকায় ফুটো করা।
একই অভিযোগ করেন ভেলাতৈড় গ্রামের বেগুনচাষি আবুল হোসেন, গুয়াগাঁও গ্রামের হুসেন আলী, ভামদা গ্রামের জয়দেব চন্দ্র রায়, সেনুয়া গ্রামের ফজির উদ্দীন, ঘুঘুয়া গ্রামের গোলাম মোস্তফা প্রমুখ। তাঁরা জানান, সেচ, সার, কীটনাশক, মজুরিসহ বিঘাপ্রতি বেগুনখেতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। এখনো হচ্ছে। জুলাই মাসে বেগুনের চারা লাগানো এবং অক্টোবরের মাঝামাঝি থেকে বেগুন তোলা শুরু হয়। সপ্তাহে একবার ফলন তোলা যায়। তাঁরা আরও জানান, রাজধানী ঢাকাসহ সারা দেশে পীরগঞ্জের ‘ঢাপালি’ ও ‘কাটালি’ নামের বেগুনের চাহিদা আছে। ১৫ নভেম্বর ভেলাতৈড়, গুয়াগাঁও, বীরহলী, ভেমটিয়া ও ভামদা গ্রাম ঘুরে জানা গেছে, ডগা ও ফল ছিদ্রকারী ছাড়াও লাল মাকড় পোকা ও সাদা মাছির আক্রমণ দেখা গেছে বেগুনখেতে। চাষিরা এসেন্ড, এসিমিক্সসহ বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন। কিন্তু পোকার আক্রমণ সম্পূর্ণ রোধ করা সম্ভব হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এবার এখানে সোয়া পাঁচ শ একর জমিতে বেগুন চাষ করেছেন চাষিরা। পোকার আক্রমণও দেখা দিয়েছে। এ আক্রমণরোধে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিচ্ছেন।