পীরগঞ্জের সাত ইটভাটায় কাঠের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাতটি ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কয়েক হাজার টন কাঠ মজুত করেছেন ভাটার মালিকেরা। এরই মধ্যে চারটি ইটভাটায় কাঠ পোড়ানোও শুরু হয়ে গেছে। কিন্তু প্রকাশ্যে এত কাঠ মজুত করা হলেও প্রশাসন ভাটার মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বীর আহমেদ বলছেন, ইটভাটায় কেউ নিয়ম অমান্য করে কাঠ পোড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার উত্তর গড়গাঁও, ভেলাতৈড়, খনগাঁও, ভেমটিয়া, গুয়াগাঁও ও সিন্দুরনা গ্রামে এবার সাতটি ভাটায় ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জমি থেকে মাটি তুলে স্তূপ করা হয়েছে। মাটির স্তূপের পাশেই কাঁচা ইট তৈরি করছেন কারিগরেরা। চারটি ভাটায় ইট পোড়ানোও শুরু হয়ে গেছে। কিন্তু কোনো ভাটায় কয়লা নেই। জ্বালানি হিসেবে সবখানেই ব্যবহার করা হচ্ছে কাঠ।
ভাটাগুলোতে মাটি কাটার ঠিকাদার হিসেবে কাজ করা আবদুল জব্বার জানান, পীরগঞ্জের সাতটি ইটভাটায় যে কাঠের গুঁড়ি ও বাঁশের মুড়া সংগ্রহ করা হয়েছে, তার পরিমাণ তিন থেকে চার হাজার মেট্রিক টন হবে।
এমবি ভাটার মালিক মো. শাহজাহান বলেন, ‘অবরোধের কারণে বড়পুকুরিয়া থেকে কয়লা আনতে পারছি না। তাই নিরুপায় হয়ে কাঠের সাহায্যেই ভাটার কাজ শুরু করেছি। তবে কয়লা আনতে পারলেই কাঠ পোড়ানো বন্ধ করে দেব।’
এসবিএস ভাটার মালিক বেলাল হোসেন বলেন, ‘কয়লার চেয়ে কাঠের দাম কম। তাই আমরা সারা বছর ধরেই কাঠ কিনে জমা করি। তাই এত বেশি দেখাচ্ছে। সবেমাত্র ভাটার কাজ শুরু করলাম। এখন কয়লা আনার চেষ্টা করব।’
ঠাকুরগাঁও সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ বলেন, ‘ভাটায় পোড়ানোর জন্য অনেক মালিক কাঠ স্তূপ করেছেন বলে জানতে পেরেছি। জেলা প্রশাসনের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’