পীরগঞ্জের সেই অভয়াশ্রম থেকে বালু তোলা বন্ধ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদের অভয়াশ্রমের ভেতর থেকে গত শুক্রবার বালু তোলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বালু উত্তোলনে মৎস্য অভয়াশ্রম ও নদের তীর ঝুঁকিতে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তারা ওই বালু উত্তোলন বন্ধ করে দেয়।
দেড় মাস ধরে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের টাঙ্গন নদের গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা ‘ভন্ডমনি’ এলাকা থেকে দুটি খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তোলা হচ্ছিল। এতে টাঙ্গন নদের পাড় ভেঙে যাচ্ছিল ও অভয়াশ্রমের মূল জলমহাল ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে খননযন্ত্রগুলো অপসারণে কোষারানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহিল কাফিকে নির্দেশ দেওয়া হয়। আবদুল্লাহিল কাফি শুক্রবার ঘটনাস্থলে গিয়ে খননযন্ত্রগুলো অপসারণের নির্দেশ দেন। খননযন্ত্রের মালিক সেগুলো সরিয়ে নেন।