পীরগঞ্জের সেই বৃদ্ধ ও প্রতিবন্ধীদের কষ্ট দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুন-বাড়ী ইউনিয়নের ৪৬৮ জন বয়স্ক বিধবা ও ৫১ জন প্রতিবন্ধী সেপ্টেম্বর মাস থেকে ইউনিয়নে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) থেকে তাঁদের ভাতা তুলতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেগুনবাড়ী ইউনিয়নে অগ্রণী ব্যাংকের শাখা ছিল। ইউনিয়নের ওই বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীরা এই শাখা থেকেই ভাতার টাকা তুলতে পারতেন। ২০০৮ সালের ১ জুলাই শাখাটি পীরগঞ্জ শহরে স্থানান্তরিত হয়। এতে বিপাকে পড়েন ইউনিয়নের বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীরা। ভাতা গ্রহণ করার জন্য তাঁদের প্রায় ১৫ কিলোমিটার দূরে পীরগঞ্জ শহরে যেতে হতো। তিন মাসে তারা ৯০০ টাকা হারে ভাতা পেয়ে থাকেন। পীরগঞ্জ শহরে ভাতা আনতে গিয়ে ভ্যানভাড়াসহ বিভিন্ন খাতে তাঁদের ১২০ থেকে দেড় শ টাকা খরচ হতো। ওই শাখায় ভাতা তুলতে আসা বেগুনবাড়ী ইউনিয়নের বৃদ্ধদের দুর্দশা তুলে ধরে গত ২৬ জুন প্রথম আলোয় একটি সচিত্র খবর ছাপা হয়।রাকাব ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক খাজা ওয়ালিউল ইসলাম বলেন, ‘প্রথম আলোয় বৃদ্ধার মাটিতে শুয়ে থাকার ছবি দেখে আর ভাতা তুলতে এসে তাঁদের বিড়ম্বনার খবর পড়ে আমি চুপ থাকতে পারিনি। ওই সব বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা প্রদানের ব্যবস্থা নিতে রাকাব বেগুনবাড়ী শাখাকে নির্দেশ দিয়েছি।’