পীরগঞ্জের সেই রেলগেট ৮৩ বছরেও চওড়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌরাস্তার রেলক্রসিংয়ের ‘টি-৪৫/সি’ রেলগেটটি প্রশস্ত না হওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। এতে তিন উপজেলার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পীরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুবার লিখিত অনুরোধ জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ১৯৩০ সালে ১৮ ফুট চওড়া ‘টি-৪৫/সি’ শ্রেণীর ওই রেলগেট নির্মাণ করা হয়। এর পর থেকে আর তা প্রশস্ত করা হয়নি। ফলে মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে রেলগেট পারাপার হচ্ছে। তা ছাড়া স্বাধীনতার পর থেকে এ গেটে কোনো গেটম্যান পদায়ন করা হয়নি। ফলে স্টেশনের পয়েন্টসম্যানকে দিয়ে গেটম্যানের কাজ করানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পীরগঞ্জের এই রেলগেটটি ঠাকুরগাঁওয়ের অন্যতম ব্যস্ততম গেট। পীরগঞ্জ উপজেলা ও পৌরসভা, রানীশংকৈল উপজেলা ও পৌরসভা, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমি ফল ও দানাশস্যভর্তি ট্রাকসহ শত শত যানবাহন রাত-দিন ওই অপ্রশস্ত রেলগেট দিয়েই দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। প্রতিদিন রেলগেটের উভয় পাশে ৮-১০ বার বিশেষ করে ডেমু ও অন্যান্য ট্রেন পার হওয়ার সময় যানজটের সৃষ্টি হয়। তাঁরা আরও বলেন, ওই গেট দিয়ে একটি মিনিবাস পার হলে অন্য যানবাহনগুলো আটকে যায়। বাসটি পার না হওয়া পর্যন্ত দুই পাশের ছোট-বড় সব যানবাহন আটকে থাকে। এভাবে সেখানে ঘণ্টায় ঘণ্টায় যানজটের সৃষ্টি হয়।
পীরগঞ্জ পৌরসভা সূত্র জানায়, রেলগেটটি চওড়া করার জন্য ১৯৯৪ সালের জুলাইয়ে পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এম এ গফ্ফার এবং ২০০৭ সালে সাবেক চেয়ারম্যান কশিরুল আলম চিঠির মাধ্যমে রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক ও বিভাগীয় স্টেট অফিসারের বরাবরে অনুরোধ জানান। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পৌরসভার মেয়র রাজিউর রহমান বলেন, গত ৭ অক্টোবর পৌরসভার মাস্টারপ্ল্যানে রেলগেটটি প্রশস্ত করা এবং সেখানে ডাবল রোড তৈরির কথা উল্লেখ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
বাংলাদেশ রেলওয়ের দিনাজপুরের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলগেটগুলো সম্প্রসারণ করার জন্য ‘পার্বতীপুর-পঞ্চগড় রেলগেট রূপান্তর’ নামক একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব সেপ্টেম্বরে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পীরগঞ্জ পৌর শহরের ওই রেলগটটিও প্রকল্পের তালিকাভুক্ত করা যেতে পারে।