পীরগঞ্জের ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক এবং আরেকটি বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষক নেই
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ১৭টি সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এর মধ্যে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক এবং আরেকটি বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষক নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে পুরোনো ও নতুন জাতীয়করণ মিলে ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৫টি পুরোনো বিদ্যালয় ও ২৩টি নতুন জাতীয়করণ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া আটটি পুরোনো, আটটি নতুন জাতীয়করণ বিদ্যালয়ে একজন করে ও একটি পুরোনো বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
প্রধান শিক্ষকবিহীন পুরোনো বিদ্যালয়গুলো হচ্ছে কোষাডাঙ্গীপাড়া, শালগড়া, থুমনিয়া, দস্তমপুর, সেনগাঁও, চন্দরিয়া, দক্ষিণ মালঞ্চা, চান্দোহর, শিরাইল, বসন্তপুর, ভাদুয়া, দক্ষিণ নওপাড়া, করনাই ও ভেলাতৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন জাতীয়করণ করা বিদ্যালয়গুলো হচ্ছে দক্ষিণ বথপালিগাঁও, ভোমরাদহ গ্রামডাঙ্গী, তরলা-১, জসাইপাড়া, কোঠাপাড়া, ডিএনবি, নিয়ামতপুর, উত্তর বীরহলী, বৃদ্ধিগাঁও-২, কুশারীগাঁও, বেগুনবাড়ী একতা, বহড়া, মাটিয়ানী, বৃদ্ধিগাঁও-১, বৈরচুনা সরকারপাড়া, কুমুরিয়া শিশু শিক্ষা কেন্দ্র, জগন্নাথপুর, দোপাইল, বৈরচুনা পাতিলাবিল, ইন্দ্রইল, সতহা, আজলাবাদ শিশু শিক্ষা কেন্দ্র ও রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী শিক্ষকবিহীন পুরোনো বিদ্যালয়গুলো হচ্ছে চাপাপাড়া ইলাহার, নন্দনপুর, রনশিয়া, শিরাইল, দক্ষিণ মাধবপুর, দক্ষিণ নওপাড়া ও রাধিকাপুর এবং সহকারী শিক্ষকবিহীন জাতীয়করণ বিদ্যালয়গুলো হচ্ছে জনগাঁও-২, কোষা বিলপাড়া, ঘিডোব খোলাবাড়ি, পিএ, ভবানীপুর, বিএস, কুমুড়িয়া শিশু শিক্ষা কেন্দ্র ও ইন্দ্রইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া পুরোনো বিদ্যালয় মাঝখুড়িয়ায় প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক নেই এবং পুরোনো বিদ্যালয় উপদইলে দুজন সহকারী শিক্ষক নেই।
মাঝখুড়িয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিয়া আফরোজ বলেন, ‘আমার বিদ্যালয়ে বরাদ্দ করা পাঁচটি পদ থাকলেও প্রধান ও একজন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য। বিদ্যালয়ের দেড় শ শিক্ষার্থী। সকালে ও দুপুর থেকে দুই শিফটে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি ক্লাসে পাঠদান করাতে হয়। অফিসের কাজে আমাকে প্রায়ই বিদ্যালয় ছেড়ে যেতে হয়। তখন দুজন শিক্ষককে বিদ্যালয় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। কেউ ছুটিতে থাকলেও সমস্যা হয়। সে অবস্থায় বিদ্যালয়ের দপ্তরি দিয়েক্লাস করানো হয়। ভাগ্যিস আমার দপ্তরি এইচএসসি পাস। শিক্ষকসংকটের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি।’
বসন্তপুর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশা রানী রায় বলেন, ‘আমার স্কুলে শিক্ষার্থী ১৮৮ জন। চারজন শিক্ষকের অনুমোদিত পদ থাকলেও প্রধান শিক্ষক নেই। একজন শিক্ষক ডিপিএড প্রশিক্ষণে রয়েছেন। অফিসের কাজে প্রায়ই আমাকে বিদ্যালয় ছেড়ে যেতে হয়। এ সময় একজন শিক্ষককে স্কুল চালাতে বিপাকে পড়তে হয়। আমি একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি প্রেষণে এক শিক্ষককে এখানে পোস্টিং দিতে চেয়েছেন।’
উপজেলার সৈয়দপুর ও কোষারাণীগঞ্জ ইউনিয়ন (আংশিক) নিয়ে গঠিত এক্তিয়ারপুর ক্লাস্টারের (গুচ্ছ) প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার গোস্বামী বলেন, ‘বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার ক্লাস্টারের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯টিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। প্রধান শিক্ষকের শূন্য পদে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় সহকারী শিক্ষকের একটি করে পদও খালি হয়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের ৩৮টি পদ পূরণ জরুরি। ইতিমধ্যে পদোন্নতির জন্য ৪৭ জনের নামের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষক পাওয়ার জন্য ওপরে যোগাযোগ অব্যাহত রেখেছি।’