পীরগাছা রেলস্টেশনে বর্জ্যের দুর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ
রংপুরের পীরগাছা রেলস্টেশন চত্বরে হোটেল-রেস্তোরাঁর বর্জ্যের উৎকট দুর্গন্ধে পথচারী, মুসল্লি ও ট্রেনযাত্রীদের নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, পীরগাছা রেলস্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে লাট্টু সিংহ, নির্মল সিংহ ও গোলাম আজম নামের তিন ব্যক্তি তিনটি হোটেল পরিচালনা করছেন। তাঁরা একটি বড় গর্ত করে দীর্ঘদিন ধরে তাঁদের হোটেলের ময়লা-আবর্জনাযুক্ত পানি তাতে ফেলছেন। এসব বর্জ্য পচে ও গর্ত ভরাট হয়ে চারদিকে ছড়িয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে, প্ল্যাটফর্মে আসা ট্রেনযাত্রী, স্টেশন মসজিদের মুসল্লি এবং ওই এলাকায় বসবাসকারী লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে।স্টেশনে আসা লালমনিরহাটগামী ট্রেনযাত্রী মনোয়ারা বেগম, গাইবান্ধাগামী ট্রেনযাত্রী মকবুল হোসেন ও রংপুরগামী ট্রেনযাত্রী আসাদুজ্জামান জানান, এই এলাকায় ময়লার দুর্গন্ধে পেটের নাড়িভুঁড়ি বের হওয়ার উপক্রম হয়।পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম মণ্ডল বলেন, এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাঁরা সরেজমিনে ঘটনাস্থলে এসে হোটেলমালিকদের বর্জ্য ফেলা বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু এখানে একটি প্রভাবশালী মহল হোটেলমালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে বলে বর্জ্য ফেলা বন্ধ করা যাচ্ছে না।