পীরগাছায় পল্লী বিদ্যুতের ডিজিএম লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফিরোজ আল মোজাহিদকে এক ব্যবসায়ী লাঞ্ছিত করেছেন। গত রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। ঘুষ চাওয়ার কারণে ওই ব্যবসায়ী তাঁকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডিজিএম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের বড় পানসিয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে পীরগাছা উপজেলা পরিষদ এলাকার কনফেকশনারি ব্যবসায়ী বাদল মিয়া তাঁর দোকান অন্য জায়গায় স্থানান্তর করেন। নতুন দোকানে বৈদ্যুতিক মিটারটি স্থানান্তর করার জন্য গত ১৮ মার্চ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ে ফি দিয়ে আবেদন করেন তিনি। কিন্তু গত ছয় মাসেও তাঁর নতুন দোকানে মিটারটি স্থানান্তর করা হয়নি।
বাদল মিয়া অভিযোগ করেন, ওই কার্যালয়ের ডিজিএম ফিরোজ আল মোজাহিদ মিটারটি স্থানান্তর করার জন্য তাঁর কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। এই টাকা দিতে না পারায় মিটারটি আজ পর্যন্ত স্থানান্তর করা হয়নি। এ কারণে বিপাকে পড়ে তিনি (বাদল) ক্ষীপ্ত হয়ে ওঠেন এবং সুযোগ খুঁজতে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা শেষে ফিরোজ আল মোজাহিদ বাইরে বের হলে বাদল মিয়া জনসম্মুখে পায়ের জুতা খুলে তাঁকে পেটান। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহ্বুবার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস জাহানসহ আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু উপমহাব্যবস্থাপক তা মানেননি। তিনি রোববার সন্ধ্যায় বাদল মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে ফিরোজ আল মোজাহিদ বলেন, ‘কোনো কারণ ছাড়াই বাদল মিয়া আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।’