পীরগাছায় বিষ দিয়ে মাছ নিধন
রংপুরের পীরগাছায় তাপস চন্দ্র বর্মণ নামের এক খামারির মাছের খামারে বিষ ঢেলে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। একদল দুর্বৃত্ত গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের ওই খামারে বিষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও অভিযোগ থেকে জানা গেছে, ওই গ্রামের তাপস বাড়ির পাশে ময়নাডুবির বিলে নিজের দুই একর জলাশয়ে খামার করে ১০-১২ বছর ধরে মাছ চাষ করছেন। এ বছর ওই খামারে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। কিন্তু শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করে।
তাপস অভিযোগ করে বলেন, ‘এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আমার খামারে বিষ দিয়ে মাছ নিধন করেছে। আগেও একবার তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছিল।’ তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।