পীরগাছার ১০ স্থানে অশ্লীল নৃত্য ও জুয়া, বেড়েছে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ১০টি স্থানে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে আটটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী এসব যাত্রা ও জুয়ার আসর বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তা বন্ধ হয়নি। এলাকার অনেকে জানান, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া, মোংলাকুটি মতিয়ারের বাজার, মকসুদখাঁ, নজরমামুদ, সীমান্তবর্তী ফতেপুর গুচ্ছগ্রাম, সদর ইউনিয়নের নগজিৎপুর, কান্দি ইউনিয়নের বালারদীঘি, ছাওলা ইউনিয়নের বোল্ডারের মাথা ও তাম্বুলপুর ইউনিয়নের চর রহমতসহ ১০টি স্থানে অশ্লীল নৃত্য ও জুয়া চলছে।
গত ২৯ নভেম্বর রংপুর-পীরগাছা সড়কের মনুরছড়া লোহার সেতুসংলগ্ন স্থানে ছিনতাইকারীরা সোহেল রানা নামের এক ব্যবসায়ীসহ দুই মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাত করে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ৩০ নভেম্বর পীরগাছা-কালীগঞ্জ সড়কের কুকড়াভাঙ্গা সেতু এলাকায় মতিয়ার নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ১ ডিসেম্বর উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুববাস গ্রামের আব্দুর রফিক মিয়া, আবদুল ওয়াদুদ ও আবদুস ছাদেকসহ পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সোহেল রানা অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়ায় উপজেলার বিভিন্ন স্থানে যাত্রার নামে জুয়ার আসর চলায় চুরি-ছিনতাই বেড়ে গেছে।
আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার বাড়ির পাশে শুল্লিপাড়া গ্রামে গত এক সপ্তাহ ধরে যাত্রার নামে জুয়ার আসর চলছে। এ কারণে আমার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ২ ডিসেম্বর ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এসব বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে যাত্রা ও জুয়া চলার বিষয় আমার জানা নেই। তবে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’
তবে ইউএনও আলেয়া ফেরদৌসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।