পীরগাছায় অবাধে মা মাছ ও পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদ-নদী এবং খাল-বিল থেকে অবাধে মা ও ডিমওয়ালা মাছ এবং পোনা নিধন করা হচ্ছে। মৎস্য আইনে প্রজনন মৌসুমে এ ধরনের মাছ নিধন ও বিক্রি নিষিদ্ধ হলেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম মাছের প্রজননের সময়। এ সময় খাল-বিল ও নদী-নালায় নতুন পানিতে মাছ ডিম ছাড়ে। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনায় খাল-বিল ও নদী-নালা ভরে ওঠে। কিন্তু এ সময়ই স্থানীয় জেলেরা ছোট ফাঁসের নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা-মাছ ও পোনা ধরে। এতে পাবদা, কই, ট্যাংরা, শিং, মাগুরসহ মিঠা পানির প্রায় ২০-২৫ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। মৎস্য আইনে প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছোট মলা ও ঢেলা এবং ৩০ সেন্টিমিটারের চেয়ে ছোট বোয়াল ও আইড় মাছ ধরা বা বিক্রি দণ্ডনীয় অপরাধ।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রজননের সময় মাত্র ৯০-১০০ দিন ডিমওয়ালা ও পোনা মাছ ধরা বন্ধ রাখলে মাছের বংশ বৃদ্ধি পাবে এবং দেশে মাছের ঘাটতি অনেকটা পূরণ হবে। কিন্তু মাছ শিকারিরা এ আইনের তোয়াক্কা না করে উপজেলার বুড়াইল, মাসানকুড়া, আলাইকুড়ি, ঘাঘট নদীসহ বিভিন্ন খাল-বিল থেকে অবাধে মা-মাছ এবং পোনা নিধন করছে। উপজেলার চৌধুরানী, কান্দি, পাওটানা ও অন্নদানগরসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, এসব স্থানে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বেচাকেনা চলছে। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ঘাঘট তীরবর্তী ওমর খাঁ গ্রামের সহিদুল ইসলাম জানান, স্থানীয় কিছু মাছ শিকারি ঘাঘট নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে রুই, মৃগেল, শোল, চিতল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ ও পোনা মাছ নিধন করছে। তালুকইসাদ গ্রামের আবু বকর জানান, মনুর ছড়া, পচার ডোবা, বকসীর দীঘি এলাকার পাকা রাস্তার দুই পাশে কারেন্ট জাল ও আলোর ফাঁদের সাহায্যে অবাধে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরা হচ্ছে। ছাওলা ইউনিয়নের তিস্তা পাড়ের বাসিন্দা আবদুল কাদের জানান, তিস্তা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির মা-মাছ ও পোনা নিধন করা হচ্ছে।মাসানকুড়া নদীতীরের বাসিন্দা বালিয়া চন্দ্র, কাজল চন্দ্র ও হেমন্ত চন্দ্র জানান, পেটের দায়ে তাঁরা মা ও ডিমওয়ালা মাছ ও পোনা ধরেন। তা ছাড়া এসব মাছ ও পোনা ধরা যে নিষিদ্ধ তা তাঁরা জানেন না। উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘মা ও ডিমওয়ালা মাছ এবং পোনা নিধন বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের কিছু করার নেই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝেমধ্যে আমাদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারেন্ট জাল ধরে ব্যবসায়ীদের জরিমানা করেন।’