পীরগাছায় আ.লীগ নেতা নিহত হওয়ার ঘটনায় আটক ১
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।পীরগাছা জে এন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গতকাল শুক্রবার মফিজুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়ি উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, মফিজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পারুলের স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল বাতেনকে আটক করা হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় বাতেনও আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করা হয়। পুলিশ হেফাজতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বৃহস্পতিবার পীরগাছার পারুল ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সংঘর্ষে মফিজুল ইসলাম নিহত হন।