রংপুরের পীরগাছা উপজেলায় কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আওয়ামী লীগের একজন নেতাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র ও অভিযোগে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান করা হয় কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাহারুল ইসলামকে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করায় মোজাহারুলকে গত শনিবার দলীয় সভার সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটে ৪৪ হাজার টাকার কাজ করা হয়েছে। বাকি অর্থ প্রকল্পের চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। মোজাহারুল ইসলাম অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের নিয়ম মোতাবেক ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে; যা প্রকল্প কমিটি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।