পীরগাছায় আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের একটি সংখ্যালঘু পরিবার ও আওয়ামী লীগ নেতার বসতঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার রাতে উপজেলার তাম্বুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার তাম্বুলপুর বাজারের পাশে তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেব কুমার চক্রবর্তীর বাড়ি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর বসতঘরে আগুন দেয়। তাঁদের চিৎকার শুনে বাজার থেকে লোকজন ছুটে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এ সময়ের মধ্যে একটি শয়নকক্ষ, আসবাব ও কাপড় পুড়ে যায়। ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগাছা থানার ওসি জানান, এ ঘটনায় দেব কুমার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।