পীরগাছায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চৌধুরাণী বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেন (৩৫), ছাত্রলীগের সভাপতি সোহাগ মিয়া (৩০), যুবলীগের কর্মী মেহেদী হাসান (২২) ও ছাত্রদলের নেতা মোখলেছুর রহমানকে (৩৭) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কৈকুড়ী ইউনিয়নের রামচন্দ্রপাড়া কসাইটারী গ্রামের আফছার আলীর মেয়ে আতশী আক্তারের (৮) সঙ্গে প্রতিবেশী রতন মিয়ার মেয়ে পুতুল আক্তারের (৭) ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকে যুবলীগের নেতা আমজাদ হোসেন কসাইটারী মোড়ে পৌঁছালে বিএনপির কর্মী রতন ও টিপু মিয়া তাঁকে মারধর করেন। এ সময় চায়না বেগমসহ কয়েকজন আমজাদকে উদ্ধারে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। খবর পেয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বলেন, পারিবারিক ঝগড়াকে দলীয় রূপ দিয়েছেন বিএনপির নেতা মুনছুর আলী। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছেন।
কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলী বলেন, গত বুধবার সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কর্মী টিপু মিয়াকে মারধর করেন। এ কারণে উভয় দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।