পীরগাছায় আ.লীগের সম্মেলন আজ, এক পক্ষের বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর আজ মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বচ্ছতার ভিত্তিতে কাউন্সিলরদের নামের তালিকা তৈরি করা হয়নি—এমন অভিযোগ এনে দলের এক পক্ষের নেতা-কর্মীরা সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় নেতা সাংসদ এইচ এন আশিকুর রহমান। সম্মেলন উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। সম্মেলনকে ঘিরে ছয় মাস ধরে নয়টি ইউনিয়নে দলের সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ১৮৯ জন কাউন্সিলরের নামের তালিকা অনুমোদন করা হয়েছে।সভাপতি পদপ্রার্থী ও রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘মনগড়াভাবে কাউন্সিলরদের নামের তালিকা করা হয়েছে। তাই আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছি।’ অপর সভাপতি পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন অবশ্য বলেছেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, কাউন্সিলরদের নামের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সর্দার পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার জন্য পরিকল্পিতভাবে নিজের আত্মীয়স্বজনসহ মনোনীত ব্যক্তিদের নাম কাউন্সিলরের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, ‘এ কারণে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করে কাউন্সিল বর্জনের ঘোষণা দিয়েছি।’ আবদুল হাকিম সর্দার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলের গঠনতন্ত্র মোতাবেক স্বচ্ছতার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন কমিটি গঠনসহ কাউন্সিলরদের নামের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।’