পীরগাছায় ইয়াবা বড়িসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় গত সোমবার রাতে ইয়াবা বড়িসহ আওয়ামী লীগ নেতা আবদুল রউফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল রউফ উপজেলা সদর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পীরগাছায় মাদকসেবন ও ব্যবসা বেড়ে গেছে। এতে শিক্ষার্থী, তরুণ, যুবক, কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে থানা-পুলিশের একাধিক দল ১ মার্চ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান শুরু করে। গত সোমবার সন্ধ্যার পর আবদুল রউফ মোটরসাইকেলে করে ইয়াবা বড়ি পৌঁছে দিতে চৌধুরানী বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার বকসিরদিঘি স্থানে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া গত কয়েক দিন পুলিশ অভিযান চালিয়ে আরও আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।