পীরগাছায় গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় পূর্বশত্রুতার জের ধরে দাহ্য পদার্থ ছুড়ে মনোয়ারা বেগম (৩২) নামের এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে দেওয়া হয়েছে। একই কারণে প্রতিপক্ষের হাতে এক ব্যবসায়ী মারধরের শিকার হয়েছেন। দুটি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের আজাদুল ইসলামের সঙ্গে সৈয়দপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল আজিজের দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আবদুল আজিজ রংপুর শহরে যাওয়ার পথে আজাদুলের বাড়ির কাছে পৌঁছালে আজাদুল ও তাঁর লোকজন তাঁকে মারধর করে। পরে স্থানীয় লোকজন আজিজকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার কিছুক্ষণ পর আজাদুলের স্ত্রী মনোয়ারা বেগমকে (৩২) এসিড নিক্ষেপ করা হয়েছে বলে আজাদুল ও তাঁর স্ত্রী চিত্কার শুরু করেন।আজাদুল অভিযোগ করেন, তাঁর স্ত্রী প্রতিবেশী আমিনুল ইসলামের বাড়িতে যাওয়ার সময় ওত পেতে থাকা আজিজ ও তাঁর সহযোগীরা তাঁর ওপর এসিড ছুড়ে মারে। এতে মনোয়ারার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। মনোয়ারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।এদিকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আজিজ বলেন, আজাদুলের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলে আসছে। মামলা থেকে বাঁচার জন্য আজাদুল পরিকল্পিতভাবে এসিড নিক্ষেপের কথিত ঘটনা সাজিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানায়, তারা এসিড নিক্ষেপের ঘটনা শুনেছে। পারুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান বলেন, ‘আমিও লোকমুখে ওই গৃহবধূর গায়ে এসিড মারা হয়েছে বলে শুনেছি।’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিত্সক মোকসেদ আলী জানান, দগ্ধ ওই গৃহবধূকে চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে তিনি এসিড নাকি অন্য কোনো দাহ্য পদার্থে দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া কিছু বলা যাবে না।