পীরগাছায় গ্রেপ্তার ১৬ এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার ৩৯টি ভোটকেন্দ্রে ৪ জানুয়ারি হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় গত দুই দিনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে গত বৃহস্পতিবার পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলীকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনের আগের রাতে উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। তাঁরা এসব ভোটকেন্দ্রের দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মারধর, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ অগ্নিসংযোগ করেন। এ সময় দেউতি উচ্চবিদ্যালয় ও কলেজ, তাম্বুলপুর উচ্চবিদ্যালয়, নেকমামুদ উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ বাদী হয়ে পাঁচ হাজারের বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ১৪টি মামলা করেন। এসব মামলায় গতকাল বেলাল হোসেন, জাবেদ আলী, আবদুর রউফ, খোরশেদ আলম, আবদুল করিম, লাল মিয়া, হারুন-অর-রশিদ ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া গত শুক্রবার রাতে মজিবুর রহমান, হারুন-অর-রশিদ, আবদুল খালেক, মাসুদার রহমান, জহুরুল ইসলাম, মোস্তাফিজার রহমান, সিরাজুল ইসলাম ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই হায়দার আলীকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। সাতদরগাহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা সাতটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইসহ অগ্নিসংযোগের ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।