পীরগাছায় চিকিৎসা সহকারী দিয়ে চলছে উপস্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে তিন বছর ধরে চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কৈকুড়ী ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৪৫ হাজার। এই ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক (মেডিকেল অফিসার), একজন চিকিৎসা সহকারী (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট), একজন ফার্মাসিস্ট, একজন পিয়ন, একজন আয়া থাকার কথা। কিন্তু বর্তমানে শুধু একজন চিকিৎসা সহকারী দিয়ে জোড়াতালির মাধ্যমে চলছে এখানকার স্বাস্থ্যসেবা।সূত্র জানায়, এই উপস্বাস্থ্যকেন্দ্র থেকে সুলতানা বেগম নামের একজন চিকিৎসক তিন বছর আগে অন্যত্র বদলি হন। তাঁর স্থলে অন্য কোনো চিকিৎসক যোগদান করেননি। আজমির আহমেদ নামের একজন চিকিৎসক এই কেন্দ্রের দায়িত্ব পালন করার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসংকট থাকায় তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন। কেন্দ্র থেকে ফজলুল হক নামের একজন ফার্মাসিস্ট পাঁচ বছর আগে অন্যত্র বদলি হলেও তাঁর স্থলে কেউ যোগদান করেননি। বর্তমানে এখানে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন এ কেন্দ্রেরই পিয়ন সতীশ চন্দ্র। এখানে আয়া পদটিও ১০ বছর ধরে শূন্য।মিরাপাড়া গ্রামের আসাদুজ্জামান বলেন, এ কেন্দ্রে ফারুক হোসেন নামের একজন চিকিৎসা সহকারী থাকলেও তিনি সময়মতো এখানে আসেন না। মকরমপুর গ্রামের মনজুয়ারা বেগম বলেন, ‘ক্লিনিক থাকি লাভ কী। এটে তো কোনো ডাক্তার থাকে না, অষুধও পাওয়া যায় না।’ গত বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা সহকারী তখনো আসেননি। প্রায় ৩০-৩৫ জন রোগী কেন্দ্রে ভিড় করেছেন। সকাল ১০টা ৫৮ মিনিটে চিকিৎসা সহকারী ফারুক হোসেন কেন্দ্রে আসেন। বিলম্বে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক দূরের পথ, তাই আসতে একটু দেরি হয়। ফারুক হোসেন বলেন, এখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন রোগী আসেন। তাঁদের একা চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসংকটসহ বিভিন্ন সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম বলেন, এ উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও জনবলসংকটসহ বিভিন্ন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।