পীরগাছায় ছাত্র-বাসশ্রমিক সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা সদরে ছাত্র ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাস ভাঙচুর করা হয়। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষককে বাসচালকের সহকারী লাঞ্ছিত করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সৈয়দপুর বাজার বাসস্ট্যান্ড থেকে পীরগাছাগামী একটি বাসে ওঠেন সৈয়দপুর কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন ও পীরগাছা কলেজের কয়েকজন ছাত্র। বাসটি পীরগাছা সোনালী ব্যাংকের মোড়ে পৌঁছালে ওই শিক্ষক ও ছাত্ররা বাস থেকে নামার সময় বাসচালকের সহকারী আলমগীর হোসেন শিক্ষক রুহুল আমিনকে ধাক্কা দেন। এতে ওই শিক্ষক রাস্তার ওপর পড়ে যান। ছাত্ররা এর প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রদের নামতে না দিয়ে আলমগীর বাসের দরজা বন্ধ করে দেন। চালক বাসটি দ্রুতবেগে চালিয়ে পীরগাছা বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে বাসের শ্রমিকেরা ছাত্র জিল্লুর রহমান, জামিলুর রহমান, আরিফুল ইসলাম ও মামুনুর রশিদকে বেদম মারধর করে আটকে রাখেন। পীরগাছা কলেজে এ খবর পৌঁছালে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাসস্ট্যান্ড ঘেরাও করে আটক ছাত্রদের উদ্ধারের চেষ্টা করলে মোটরশ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। স্থানীয় লোকজনও ছাত্রদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কলেজের ছাত্র আল আমিন, জাহিদ হোসেন, জুয়েল মণ্ডল, নাহিদ, নয়ন ও ভোরের কাগজ-এর পীরগাছা প্রতিনিধি জিল্লুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ছাত্র-জনতার ছোড়া ইটপাটকেলে পাঁচটি বাসের গ্লাস ভেঙে যায়। সংঘর্ষের পর পীরগাছা-রংপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা রণজিৎ কুমার বর্মণ জানান, আহত ১১ জন চিকিত্সা নিয়ে চলে যান। তিনজনকে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পীরগাছা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ছাত্ররা অন্যায়ভাবে বাসস্ট্যান্ডে এসে বাস ভাঙচুর করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পীরগাছা বাসস্ট্যান্ডে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।